চট্টগ্রামের বাঁশখালী উপজেলার গন্ডামারা ইউনিয়নের বড়ঘোনা এলাকায় পুকুরে ডুবে সাজিদুল করিম আবরার (৫) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৫ জুন ২০২৫) সকালে এ দুর্ঘটনাটি ঘটে বলে নিশ্চিত করেছেন শিশুটির মামা ক্বাজী মুহিব উল্লাহ।
মৃত শিশু সাজিদুল করিম গন্ডামারা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের চকরিয়াখালী এলাকার বাসিন্দা ও দুবাই প্রবাসী ফারুক আজমের দ্বিতীয় পুত্র। পারিবারিক সূত্রে জানা গেছে, সকালবেলা আবরার খেলাধুলা করছিল। পরিবারের সবার অজান্তে সে বাড়ির পাশের পুকুরের ধারে চলে যায় এবং অসাবধানতাবশত পুকুরে পড়ে যায়।
পরবর্তীতে দীর্ঘক্ষণ খুঁজে না পেয়ে পরিবারের সদস্যরা আশপাশের এলাকায় খোঁজ শুরু করেন। একপর্যায়ে পুকুরে ভাসতে দেখা যায় শিশুটিকে। তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক আবরারকে মৃত ঘোষণা করেন।
এই হৃদয়বিদারক ঘটনায় পরিবারসহ পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা জানান, গন্ডামারা এলাকায় এমন দুর্ঘটনা নতুন নয়। পুকুরপাড়ে কোনো সুরক্ষা ব্যবস্থা না থাকায় শিশুদের জন্য এটি প্রতিনিয়ত ঝুঁকিপূর্ণ হয়ে উঠছে।
করণীয়:
সচেতন অভিভাবকত্ব, নিরাপদ খেলার জায়গা নিশ্চিতকরণ এবং পুকুরপাড়ে নিরাপত্তা বেড়া নির্মাণের মাধ্যমে এমন দুর্ঘটনা প্রতিরোধ করা সম্ভব।

0 Comments